নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ জয়ী গতি তারকা রোহান উদ দৌলা বর্ষণকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সৌরভ সাহা
ডোমার উপজেলা প্রতিনিধি
অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের সহযোগিতায় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিহাবুজ্জামান চঞ্চল, জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ মোক্তার সিদ্দিকী।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে অনুষ্ঠিত এবারের আসরে সর্বমোট ৭টি উইকেট শিকার করেন সৈয়দপুর এক্সপ্রেস খ্যাত রোহান উদ দৌলা বর্ষণ। মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে তিন উইকেট তুলে নিয়ে ফাইনালে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
