ময়মনসিংহের ভালুকায় সড়ক ঘেঁষে আবর্জনার স্তূপ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন   |   সারাদেশ



মোহাম্মদ রাজু ঢালী 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার প্রায় ২৩ কিলোমিটারের কয়েকটি স্থানে শিল্পকারখানা ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করা করেছে। এসব ময়লার স্তূপ থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে মহাসড়কে যাতায়তকারী মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পরিবেশ দূষণের কারণে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা গেছে, ভালুকা পৌর শহরের সরকারি কলেজসংলগ্ন সড়কের পশ্চিম পাশে, হাজীর বাজার, মেহেরাবাড়ী, সিডস্টোর উত্তর বাজার, এমএল ডায়িংয়ের সামনে, আমতলী ও মাস্টারবাড়ি সংলগ্ন মায়ের মসজিদ এলাকার এসএমসি স্যালাইন ফ্যাক্টরি উত্তর পাশের খালের পাড়ে সড়কের উভয় পাশে ময়লা ফেলে বিশাল স্তূপ করা হয়েছে। উপজেলার কোথাও ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই। এ কারণে স্থানীয় বাসাবাড়ি, কারখানার বর্জ্য ও বাজারের আবর্জনা লরি ও ড্রামট্রাকের মাধ্যমে রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ওইসব এলাকায় ফেলা হচ্ছে। এসব আবর্জনা পচে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এসব ময়লা-আবর্জনা অল্প সময়ের মধ্যেই মহাসড়কের ওপর চলে আসে। এতে সরু হয়ে পড়ছে গাড়ি চলাচলের রাস্তা। অথচ সড়ক ঘেঁষে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

এলাকাবাসী জানায়, মাসের পর মাস ময়লার স্তূপ জমলেও সরানো হয় না সেখান থেকে। এসব জায়গা থেকে উৎকট গন্ধ ছড়িয়ে পড়ায় সড়কে দাঁড়িয়ে থাকাও কষ্টকর। এখন তো শীতকাল, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানির সঙ্গে ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়ে সড়ক ও আশপাশের বাসাবাড়িতে। এসব বর্জ্য অপসারণে উদ্যোগ না থাকায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন জানান– এসএমসি স্যালাইন ফ্যাক্টরি এলাকার বর্জ্যের স্তূপের আশপাশে একটি দাখিল মাদ্রাসা, একটি হাফেজিয়া মাদ্রাসা, একটি মসজিদ এবং কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। আবর্জনার দুর্গন্ধে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি সীমাহীন।

মাদ্রাসা শিক্ষক শফিউল্লাহ আনসারীর দাবি, ময়লা-আবর্জনা থেকে সৃষ্ট উৎকট গন্ধে শিক্ষার্থীদের পাঠদান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও দিন দিন কমে আসছে।

বিষয়টি নিয়ে কথা হয় ভালুকা সড়ক ও জনপথ উপবিভাগের বিভাগীয় প্রকৌশলী (এসডিও) মোহাম্মাদ মোফাখখারুল ইসলাম তুহিনের সঙ্গে। তিনি বলেন, ‘মহাসড়কের পাশে ময়লা ফেলা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা মহাসড়কের পাশে ময়লা ফেলার দায়ে প্রায় দেড় মাস আগে থানায় একটি মামলা করেছি।’

ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন জানান, সওজের পক্ষে মামলা করা হলেও ভালুকা থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

ভালুকা থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ‘আমি মাত্র দুই সপ্তাহ আগে ভালুকা থানায় যোগদান করেছি। মামলার বিষয়টি আমার জানা নেই। তাছাড়া সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত থাকতে হচ্ছে। নির্বাচনের পর ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ এর আরও খবর: