ভালুকায় এসকিউ কারখানায় দুইজনের রহস্যজনক মৃত্যু ও অসুস্থ ৩৪ শ্রমিক
মোহাম্মদ রাজু ঢালী
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কালার মাস্টার (এসকিউ গ্রুপ) নামের একটি কারখানায় রহস্যজনক কারণে কর্মরত অবস্থায় হঠাৎ ৩৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পরেন। তাদেরকে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার (১২জানুয়ারী) দুপুরে রিফাত হাসান (৩০) ও বুধবার দুপুরে নার্গিস আক্তার (৪৫) নামে দুই শ্রমিক মারা গেছে।
শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত কালার মাস্টার (এসকিউ গ্রুপ) কারখানাতে ১৬ হাজারের অধিক শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের অধিকাংশই নারী শ্রমিক। গত শুক্রবার সকালে কর্মরত অবস্থায় রহস্যজনক কারণে রিফাত হাসান নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শনিবার কর্মরত থাকা অবস্থায় বেশ কয়েকজন শ্রমিকের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। কারখানার লোকজন খোঁজ পেয়ে ৩৪ জন শ্রমিককে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এর আগে গত বুধবার নার্গিস আক্তার নামে অপর এক নারী শ্রমিক শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে ওই রোগীকে শ্রীপুরের অন্য একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত একাধিক শ্রমিক জানান, তারা দীর্ঘদিন ধরে এই কারখানায় কাজ করছেন। এমন ঘটনা তারা কখনো দেখেনি। কাজ করার সময় শনিবার সকালে হঠাৎ করে বেশ কয়েকজনকে মাথা ঘুরে মেঝেতে পড়ে যেতে দেখেছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তারা দু’জনের মারা যাওয়ার কথা শুনেছেন।
এসকিউ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শাহরিয়াত হোসেন জানান, গত শুক্রবার একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এর আগেও একজন মারা গেছে। তাছাড়া শনিবার বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কোন প্রকার তথ্য দিতে রাজি হয়নি। এ ঘটনায় কারখানাটি দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ শিল্পপুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান জানান, সকালে এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ঘটনায় শিল্পপুলিশের উদ্যোগে এএসপি জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
