নীলফামারীতর ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা, ক্লিনিক সীলগালা

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৪, ১১:১২ অপরাহ্ন   |   সারাদেশ



সৌরভ সাহা

ডোমার উপজেলা প্রতিনিধি,


নীলফামারীতে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে রোগী দেখার দায়ে ফারুক হোসেন রুবেল (৪৫) নামে এক ব্যক্তিকে (ভুয়া চিকিৎসক) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিককে এক মাসের জন্য সীলগালা করা হয়েছে। 


শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে নীলফামারী জেলা শহরের মাধার মোড় এলাকার মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে অভিযান চালিয়ে এসব সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।


ফারুক হোসেন রুবেল রংপুর নগরীর ময়নাকুঠি নীলকন্ঠ এলাকার মৃত. আলিমুদ্দিনের ছেলে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং বিভাগের সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন বলে দাবি করেছেন তিনি।


নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ‘অভিযুক্ত ফারুক হোসেন অন্য এক চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে চেম্বার করে আসছেন, মর্মে লিখিত অভিযোগ করেন নিউরো মেডিসিন চিকিৎসক রবিউল ইসলাম।’


তিনি আরও বলেন, আজ দুপুরে ঐ ডায়াগনস্টিক ক্লিনিকে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতকে খবর দেয়া হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ সাজা দেন।


ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন জানান, ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের ২০১০ অনুযায়ী ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। একই সাথে ভূয়া চিকিৎসককে বসার জায়গা দেয়ার অভিযোগে মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকটি এক মাসের জন্য সীলগালা করা হয়েছে।’

সারাদেশ এর আরও খবর: