খুলনার কয়রায় তরমুজের বাম্পার ফলন কৃষকের মনে আনান্দের বন্যা।
জি এম জিয়াউল হাসান জিল্লুর কয়রা প্রতিনিধি (খুলনা):
সুন্দরবনের কোল ঘেষে খুলনার দক্ষিণ অঞ্চল উকূলীয় উপজেলা কয়রার আমাদি , বাগালী, মহেশ্বরীপুর ইউনিয়নে চলতি মৌসুমে তরমুজ চাষ কয়েক হাজার বিঘা ছাড়িয়েছে। স্থানীয়রা জানান, বিগত বছরে আমাদী ইউনিয়নে কয়েকটি গ্রামে তরমুজ চাষে বাম্পার ফলন ও চাষিরা লাভবান হওয়ায় দ্বিগুণ জমিতে এবার চাষ হয়েছে। এর মধ্যে উন্নত জাতের পাকিজা, বারি-১, বারি-২ ও ড্রাগন ও রিজেন্ট-২ জাতের তরমুজের বীজ রোপণ করা হয়েছে বলে জানা গেছে।
আমাদি ইউনিয়নের চান্নিরচক, হাতিয়ারডাঙ্গা, হরিকাটি, চন্ডিপুর, খেওনা, পাটনিখালি, চকগোয়ালবাটি, চক চান্নামারা, মসজিদ কুড়, নাকশা, ভান্ডার পোল সহ মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা গ্রামে এক টুকরো জমি পড়ে নেই। এছাড়াও বাগালী, মহেশ্বরীপুর, কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নেও পরীক্ষামূলক কিছু কিছু জমিতে বিগত বছরে তরমুজ চাষ হয়েছিল যে কারণে এসব গ্রামের গরু ছাগলের মালিকরা এই মুহূর্তে তাদের পশু অন্য এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে লালন পালনের জন্য পাঠিয়েছেন বলে জানা গেছে।
তরমুজ চাষিরা জানান, আমন ধান কাটার পর ১ ফেব্রুয়ারি থেকে তরমুজ চাষ শুরু হয় এবং ইতোমধ্যে অধিকাংশ জমিতে তরমুজের চারা গাছ বড় হয়ে ফলন আসা শুরু হয়েছে। এদিকে প্রতিদিন চাষিরা পরিবারের নারী, পুরুষ ও তাদের স্কুলগামী ছেলেমেয়েদেরকেও সাথে নিয়ে সকাল বিকেল তরমুজ ক্ষেতে পানি দিতে দেখা যাচ্ছে। তাদের যেন একটু ফুসরত নেই। চাষিদের বক্তব্য বড় ধরনের বৃষ্টি ও বিগত বছরের মত দীর্ঘস্তায়ী খরা দেখা না দিলে এবারও লাভের আশা করছেন তারা।
চাষিরা আরও জানায়, আমাদী ইউনিয়নে কোথাও গভীর নলকূপে মিষ্টি পানি না পাওয়ায় পুকুর ও খালের পানি দিয়ে তরমুজের পাশাপাশি পুইশাক, কুমড়া, করলা, ঢেড়শ, ঝিঙা ও অন্যান্য সবজি চাষ করছেন তারা। যে কারণে এসব চাষিরা এ বৎসর জাতীয় সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানের নিকট কয়েক টি ইউনিয়নের ছোট বড় ২০ টি খাল খননের দাবি জানিয়ে আসছেন।
কিনুকাটি গ্রামের রনজিত মন্ডল জানান, গতবারের চেয়ে এবার বীজ খুব ভাল গজিয়েছে কিন্তু কীটনাশক বেশি দামে কিনতে হচ্ছে এবং ডিলাররা ভাল মানের কীটনাশক না এনে নরমাল কোম্পানির মাল বেশি দামে সরবরাহ করছে। ভাল কোম্পানির কীটনাশক সরবরাহ হলে গতবারের চেয়ে দ্বিগুণ ফলন পাবেন বলে কৃষকরা দাবি করেন।
বিগত বছরে কয়েক টি ইউনিয়নে পরীক্ষা মূলক তরমুজ চাষের পর থেকে তরমুজ উত্তোলন পর্যন্ত দীর্ঘস্থায়ী খরার কারণে ফলন কম হলেও ২ হাজার মেট্রিক টনেরও বেশি তরমুজ অন্যান্য জেলায় পাইকাররা নিয়ে গেছে। তিনি আশা করছেন চলতি মৌসুমে দ্বিগুণ জমিতে তরমুজ চাষ হওয়ায় শিলাবৃষ্টি না হলে এবার দ্বিগুণ উৎপাদন হবে। মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের চাষি আঃ হামিদ গাজী জানান, গত বছরে তরমুজের চাষ ও ফলন দেখে আমি এবার দুশো বিঘা জমিতে তরমুজের চাষ করেছি তবে ফলন বেশ ভালো।
তিনি বলেন, এ বছর তরমুজ চাষ বেশি পরিমাণে হওয়ায় জমির হারিও বেড়ে গেছে। এখন ১ বিঘা জমি করতে খরচ হচ্ছে ৩০/৪০হাজার টাকা। অন্যদিকে এলাকার একাধিক চাষির অভিযোগ এলাকার খালগুলো ইজারা মুক্ত করে খনন করে সেচ ব্যবস্থা করা হলে, তরমুজসহ সবজি চাষে কয়রা উপজেলার প্রতিটি ইউনিয়নর কোন জমি পতিত থাকবে না। ইউনিয়ন গুলোর অধিকাংশ জমির সবুজ বিপ্লব ঘটবে।
মাননীয় সংসদ সদস্য রশীদূজ্জামান জানান, বিগত বছর দীর্ঘস্থায়ী করার মধ্যে আমাদি ইউনিয়নের তরমুজ চাষিরা রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায়ও তরমুজ পাঠিয়ে বিপ্লব ঘটিয়েছিল। আমি মহান জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্ব প্রথম লবনাক্ত পানিতে কয়রা কে আর দেখতে চাইনা সবুজের সমারোহ দেখতে চাই এটা জাতির সামনে উৎথাপন করেছি। এতে আমাদের কৃষকদের মাঝে আনান্দের বন্য বয়েছে।
উপজেলা কৃষি অফিসার জানান, দেশের উপকূলীয় এলাকা কয়রায় চলতি মৌসুমে যে হারে তরমুজের চাষ হয়েছে, বড় ধরনের কোন আঘাত না আসলে এবং বাজারে ভাল মূল্য পেলে ভবিষ্যতে দেশের এক চতুর্থাংশ এলাকায় এখানকার তরমুজ চাহিদা পূরণ করবে। মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক শাহনেওয়াজ শিকারী বলেন আমরা লবণ পানিতে ডুবে মরতে চাইনা আমরা চাই তরমুজের পাশাপাশি বিভিন্ন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে সমাজের চাহিদা পূরণ করে বাহিরের জেলাতে রপ্তানি করতে । তিনি আরো বলেন আমার ইউনিয়নের নতুন কিছু কিছু এলাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে, কৃষকের মনে আনান্দের বন্যা বয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতেই এর চাষ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ।
