শার্শা বহিলাপোতা গ্রামে জমি নিয়ে পূর্ব শক্রতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে একই পরিবারে ৫ জন সহ আহত-৭
মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় জমি নিয়ে পূর্ব
শক্রতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার ৩০ মার্চ বিকেলের দিকে শার্শার বহিলাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আহতরা শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহতরা হলেন, বহিলাপোতা গ্রামের একই পরিবারের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৭৫), আব্দুর রশিদ (৭০), আব্দুর রশিদের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫), ছেলে শাহীন আলম (২৭), আব্দুর মুজিদের ছেলে হাদিউজ্জামান (৪০) ও প্রতিপক্ষের আব্দুল লতিফের ছেলে আবুল কালাম (২৫), রেজাউল হোসেন (৪৫)। আহতদের মধ্যে হাদিউজ্জামান ও আব্দুল রশিদের অবস্থা আশঙ্কাজনক।
আহত আব্দুল মজিদ জানান, দীর্ঘদিন ধরে তার ২০ শতাংশ জমি প্রতিপক্ষ আব্দুল লতিফ জোর করে দখল করে রেখেছে। এছাড়া আব্দুল লতিফের ছেলে রেজাউল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তার প্রবাসী ভাই বিল্লাল হোসেনের স্ত্রীকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছে। রেজাউল হোসেন রাতের আঁধারে বাড়ির মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করে, মাঠের সেচ মোটর, মোবাইল চুরিসহ নানান অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতিবাদ করার কেউ নেই। কারণ রেজাউলরা ৭ ভাই হওয়ায় কেউ কিছু বললে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ ও প্রতিবাদকারীকে মারপিট করে। আব্দুল মজিদ আরো জানান, তার জমি থেকে বাঁশ ও কঞ্চি কাটার সময় প্রতিপক্ষ আব্দুল লতিফের নির্দেশে তার পরিবারের ৫ জনকে পিটিয়ে, কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিপক্ষরা সন্ত্রাসী ও দাঙ্গা প্রকৃতির হওয়ায় তাদের জীবন নাশের হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল লতিফের ছেলে আহত আবু কালাম বলেন, তাদের বিরুদ্ধে সব অভিযোগ সত্য নয়।
বহিলাপোতা গ্রামের ইউপি সদস্য আব্দুল জাব্বার বলেন, শনিবার পূর্বের বিভিন্ন ঘটনার জের ধরে আব্দুল লতিফ ও তার ৭ ছেলে প্রতিপক্ষ আব্দুল রশিদ ও আব্দুল মজিদের পরিবারের ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। আব্দুল লতিফের ছেলে রেজাউলের বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষের অনেক অভিযোগ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এম. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
