সর্বোচ্চ ভোটে শার্শায় উপজেলা পরিষদে নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান সালমা
মনা, নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১১ বছর ধরে নিখোঁজ বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিনের স্ত্রী শামীমা খাতুন সালমা। তিনি কলস মার্কায় পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বীরা ধারে কাছেও নেই। তার এক প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট, অপর প্রতিদ্বন্দী নাজমুন নাহার পেয়েছেন ৫ হাজার ১৬১ ভোট।
এবারের শার্শা উপজেলা নির্বাচনে চেয়ারম্যানসহ তিনটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হন। এদের মধ্যে সর্বোচ্চ ৪২ হাজার ৬২৩ ভোট পেয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন সালমা।
বিজয়ী শামীমা খাতুন সালমা বলেন, আমার স্বামীর নিখোঁজের পর থেকে আমার পরিবার দু:খ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেছি। আমার স্বামী ১১ বছর ধরে নিখোঁজ।
আমার সন্তানের (ছেলে) বয়সও ১১ বছর। সে তার বাবাকে দেখেনি। বাবাও সন্তানের মুখ দেখে যেতে পারেনি। ছেলে ফিরে আসবে এই আশায় আমার শ্বশুরও মারা যায়।
এলাকার জনগণের সহানুভূতি ও ভালবাসায় আজ আমি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আমার সাধ্যমত জনগণকে সাথে নিয়ে কাজ করে যাব।
উল্লেখ্য, যশোরের শার্শা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র (কাউন্সিলর) তারিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ সকাল সাড়ে ১১টায় ঢাকার শেরে বাংলানগরস্থ ন্যামফ্ল্যাটের শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফিল উদ্দিনের বাসা ত্যাগ করার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে। দলীয় কোন্দলে তাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে পারিবারিক সূত্র দাবি করে আসছে।
