লব্বার হাসুয়ার আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দ্বিপু
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ফতেপুর গ্রামে প্রতিবেশী হাসুয়ার আঘাতে ক্ষত-বিক্ষত দ্বিপু (১৪) রাজশাহী মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে বাজার থেকে বাড়ি ফেরার পথে নবাব উদ্দীন লব্বা এবং তার দুই সন্তান রেজা ও রবিউল পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ১৪ বছর বয়সী দ্বীপুকে হাসুয়া দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে সমস্ত শরীর জখম করে। মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাৎক্ষণিক তার সমস্ত শরীরে প্রায় দেড় শতাধিক সেলাই সম্বলিত ব্যান্ডেজ করে চিকিৎসাধীন অবস্থায় রাখেন।
দ্বিপুর বাবা মমিন বলেন, আমিও ওই সময় বাজার থেকে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে চিৎকার শুনতে পাই। সাথে সাথে দৌঁড় দিয়ে দেখি ছেলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। আমি এ বিষয়ে থানায় একটি মামলা করছি।
এ দিকে আক্রমণরী লব্বার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান বলেন, আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত চলছে।
প্রতিবেশিদের ভাষ্য, নবাব উদ্দীন লব্বা ও তার পরিবার এমন ঘটনা পূর্ব অনেকের সাথেই করেছে। দিন দিন তাদের এমন কর্মকান্ড বেড়েই চলেছে।
