বরগুনায় সড়ক দূর্ঘটনায় মা ও ছেলে নিহত।
তাসনিয়া হাসান অর্পিতা, বরগুনা জেলা প্রতিনিধিঃ ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়ীতে যাওয়ার পথে বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মা ও ছেলের নিহত হয়েছে।
নিহত মা ও ছেলে হচ্ছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মোঃ রাকিব (১৬)। আজ সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (সোমবার) সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়ীতে যাচ্ছিল। ওই সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি (চট্র মেট্রো ন-১১- ৯০৬৩) মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের নিহত হয়। এ সময় ওই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে এবং মা ও ছেলের লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠানো হয়েছে।
