কালকিনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সোনার বাংলা দেশ” এই প্রতিপাদ্য সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ইং। এ উপলক্ষে কালকিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।
সপ্তাহের সূচনা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে। উক্ত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহতা জারাব সালেহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালকিনি থানা এর অফিসার ইনচার্জ জহুরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে কালকিনি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব জনাব গোলাম কিবরিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহতা জারাব সালেহীন।
এছাড়াও পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়, যা মানবিক ও জনস্বাস্থ্য সচেতনতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বক্তরা বলেন, পুষ্টি সম্পর্কে কিছু কথা: সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সুষম ও পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। শিশুর সঠিক বৃদ্ধি, মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টির ভূমিকা অপরিসীম। তাই আমাদের সকলের উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় বৈচিত্র্য রাখা এবং নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করা।
