কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন   |   প্রশাসন


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাসিরউদ্দিন লিটন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজ ও কার্যকরভাবে তুলে ধরতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় কালকিনি থানার ওসি (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।